সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের উল্লেখযোগ্য উত্থান এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর ট্রেডিং ফ্লোরে দাপট দেখিয়েছে ক্রেতারা। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী ছিল সবকটি সূচক।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।
সূচক বাড়লেও লেনদেনে কিছুটা ভাটা পড়েছে। আজ দিনভর ডিএসইতে হাতবদল হয়েছে ৩৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যেখানে গত কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫০ টি কোম্পানির, বিপরীতে ৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
