Site icon economistpost.com

ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার ৬৩৪ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (৮-১২ নভেম্বর) সূচকের মিশ্র উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ২ লাখ টাকা। তবে একই সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ২ লাখ টাকা।

এদিকে, সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহে সূচকটি বেড়েছে ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, ডিএসইর ৩০ সূচক ডিএস৩০ কমেছে ৯ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স কমেছে ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচক দাঁড়িয়েছে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেনও বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

একই সময়ে ডিএসইতে শেয়ার ও ইউনিটের মোট লেনদেনের পরিমাণ ছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৮৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৫টির। এ ছাড়া ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল এবং ৩১টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

সপ্তাহজুড়ে ডিএসইর ব্লক মার্কেটে ১৬৭ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। এসএমই মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৫১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Exit mobile version