“কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা ‘উইকিস্কলার’এর নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় নিবন্ধন চলবে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এতে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।
উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
উইকিস্কলারের পাঠ্যতালিকা সাজানো হয়েছে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ দিয়ে। প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের সরাসরি উইকিপিডিয়ায় গিয়ে পুরো নিবন্ধ পড়তে হবে। মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
আয়োজকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে শিক্ষার্থীরা যেন তথ্যের উৎস খুঁজে দেখতে এবং তথ্য যাচাই করতে শেখে, সেটিও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। উইকিপিডিয়ার নিবন্ধ সঠিকভাবে পড়ার মাধ্যমে এ দক্ষতা গড়ে তোলা সম্ভব।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যসচিব মাসুম আল হাসান রকি। এ সময় উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং প্রতিযোগিতার যুগ্ম সচিব মুহাম্মদ ইয়াহিয়া।
তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা
শিক্ষার্থীর অভিভাবককে উইকিস্কলারের ওয়েবসাইটে wikischolar.bd গিয়ে অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। নিবন্ধন শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি উইকিস্কলার আইডি দেওয়া হবে।
প্রথম পর্ব বা অনলাইন প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার, ১৯ ডিসেম্বর ২০২৬। মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা কম্পিউটার থেকে এতে অংশ নেওয়া যাবে। প্রশ্ন থাকবে বাংলায়। প্রশ্নের ধরন হবে জ্ঞানমূলক ও বিশ্লেষণধর্মী।
দেশের ৬৪ জেলাকে ছয়টি নদীর নামে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের অনলাইন পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি আঞ্চলিক পর্বে অংশ নেবে। এ পর্বে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে কর্মশালা ও সচেতনতামূলক অধিবেশন।
আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময়সূচি হলো পদ্মা অঞ্চল ২ জানুয়ারি, তিস্তা অঞ্চল ৯ জানুয়ারি, কর্ণফুলী অঞ্চল ১৬ জানুয়ারি, সুরমা অঞ্চল ২৩ জানুয়ারি, রূপসা অঞ্চল ৩০ জানুয়ারি এবং যমুনা অঞ্চল ৬ ফেব্রুয়ারি ২০২৭। সবগুলো পর্ব অনুষ্ঠিত হবে শনিবার। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন করে মোট ৬০ জন প্রতিযোগী জাতীয় চূড়ান্ত পর্বে অংশ নেবে। চূড়ান্ত পর্ব ও জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে ঢাকায়, শনিবার, ৮ মে ২০২৭।
এবারের পাঠ্যতালিকায় ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি বিষয়ে বাংলা উইকিপিডিয়ার ২৫টি নিবন্ধ রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পর্বের জন্য ১০টি, আঞ্চলিক পর্বের জন্য ১২টি এবং চূড়ান্ত পর্বের জন্য ১৬টি নিবন্ধ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, বাংলা ভাষা আন্দোলন ও সুন্দরবনের পাশাপাশি তালিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, অপতথ্য ও তথ্যনিরাপত্তার মতো বিষয়। নিবন্ধন শুরুর আগে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা নিবন্ধগুলো হালনাগাদ ও মানোন্নয়ন করেছেন।
জাতীয় পর্বের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে একটি ম্যাকবুক। প্রথম রানার-আপ পাবে একটি ল্যাপটপ এবং দ্বিতীয় রানার-আপ পাবে একটি ই-রিডার। এ তিনজনের প্রত্যেকেই পাবে ১০ হাজার টাকা বিকাশ পুরস্কার।
চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবে পাঁচ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পাবে তিন হাজার টাকা করে বিকাশ পুরস্কার। প্রতিটি অঞ্চলের সেরা তিনজনের জন্যও থাকবে আঞ্চলিক পুরস্কার।
অনলাইন পর্বে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা পাবে ডিজিটাল সনদ। আর আঞ্চলিক পর্বে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগী পাবে মুদ্রিত সনদ ও স্মারক উপহার।
উইকিস্কলার আয়োজক কমিটির সভাপতি আলী হায়দার খান তন্ময় বলেন, “ছোটদের প্রযুক্তির সঠিক ব্যবহার দেখিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। একটু হাত ধরে পথ দেখানো। সেই ভাবনা থেকেই উইকিস্কলারের শুরু। আর এই ভাবনার সঙ্গে একে একে যুক্ত হয়েছেন অনেক অসাধারণ মানুষ। অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনার সন্তান ও শিক্ষার্থীকে উইকিস্কলারে যুক্ত হতে উৎসাহ দিন।”
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে উইকিস্কলারের ওয়েবসাইট wikischolar.bd এবং ফেসবুক পাতা facebook.com/wikischolar-এ।
