বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ চার কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। চার কমিশনার হলেন- মু: মোহসীন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিন।

বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর এবং ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে দায়িত্ব পান। পরে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে নিয়োগ পান মো. সাইফুদ্দিন।

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

পুনর্গঠনের ঘোষণার দুই দিনের মাথায় চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল।

এদিকে, তাদের পদত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে সাধারণ বিনিয়োগকারীরা তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় মানবন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করেছেন।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর