ডিএসইর বাজার মূলধন বাড়লো ৩ হাজার ৪৫২ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১৫ নভেম্বর–১৯ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি টাকা। একই সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ এবং প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫২ শতাংশ।

এদিকে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহে সূচকটি বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

এ ছাড়া ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচকের অবস্থান দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক ৮ পয়েন্টে।

তবে বিপরীত চিত্র দেখা গেছে ডিএসইর এসএমই সূচকে। সপ্তাহের ব্যবধানে সূচকটি ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।

পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকা। একই সময়ে মোট লেনদেনের পরিমাণ মার্কিন ডলারে ২৬ কোটি থেকে বেড়ে ৩২ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার শেয়ার ও ইউনিট। একই সময়ে মোট লেনদেন নিষ্পত্তি বা হাওলার সংখ্যা ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮ থেকে বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টিতে দাঁড়িয়েছে।

বাজারের দরবিস্তারের চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৪০টির এবং কমেছে ১৫৮টির। এ ছাড়া ৬০টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার বা ইউনিট লেনদেন হয়নি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর